অস্ট্রেলিয়ার ক্রিকেটে তোলপাড় ফেলে দেওয়া ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতেই মুখ খুললেন শোয়েব আখতার। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, পাকিস্তানের সাবেক এই গতি তারকা অকপটেই স্বীকার করে নিলেন নিজেদের পুরোনো ‘কীর্তি’র কথাও। জানালেন, ইংল্যান্ডে খেলার সময় বল বিকৃত করতে শিরিষ কাগজ নয়, বরং বোতলের ছিপি ব্যবহার করতেন তারা!
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকেই বিশ্ব ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে এই বিতর্ক। বইয়ে খাজা দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনাটি পুরো অস্ট্রেলিয়া দলই জানত, অথচ শাস্তি দেওয়া হয়েছিল কেবল তিনজনকে।
এই বিতর্কের আগুনেই যেন ঘি ঢাললেন শোয়েব আখতার। ক্রিকেট সাময়িকী উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ জানান, বল বিকৃতির এই চর্চা কেবল অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ ছিল না, তাদের সময়ে পাকিস্তান দলেও চলত নানা কারসাজি।
পুরো দল জানত—খাজার এই দাবির সঙ্গেও পুরোপুরি একমত শোয়েব। তার মতে, রিভার্স সুইং আদায়ের জন্য বল নিয়ে এমন কারসাজি দু-একজনের পক্ষে করা সম্ভব নয়, এর পেছনে থাকে পুরো দলেরই সায়।
তবে পুরোনো কাসুন্দি ঘেঁটে সাবেক সতীর্থদের বিপাকে ফেলায় খাজার সমালোচনা করতেও ছাড়েননি শোয়েব। তার ভাষায়, সাবেক সতীর্থদের সঙ্গে তার নিজেরও বহু মতবিরোধ ছিল, কিন্তু কখনোই তা জনসমক্ষে আনেননি।
খাজাকে উদ্দেশ্য করে শোয়েব বলেন, ‘ঠিক আছে, তুমি সত্যিটা সামনে এনেছ, ব্যাস ওটুকুই। এটা নিয়ে এত শোরগোল করার দরকার নেই।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফট শিরিষ কাগজ দিয়ে বল ঘষতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। ওই ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। আট বছর পর খাজার বইয়ের সূত্র ধরে আবারও উত্তপ্ত অস্ট্রেলিয়ার ড্রেসিংরুম। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স খাজার দাবি উড়িয়ে দিলেও, ব্যানক্রফট ও ওয়ার্নার সমর্থন দিয়েছেন খাজাকেই।
পুরোনো এই বিতর্ক ঘিরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে তৈরি হওয়া অস্থিরতাকে ‘বিশৃঙ্খলা’ আখ্যা দিয়ে শোয়েব বলেন, ‘এখন যা বেরিয়ে আসছে, তা রীতিমতো বিশৃঙ্খলা। এমনটা হওয়া উচিত ছিল না। ও (খাজা) হয়তো ঠিক কাজটাই করেছে, তবে সময়টা এর চেয়ে ভালো হতে পারত।’
