ফুটবলারের জীবন শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। কখনো কখনো ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে দাঁড়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চের মাঝখানে। ঠিক এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বেলজিয়ামের তারকা উইঙ্গার জেরেমি ডোকু। বিশ্বকাপ চলাকালেই প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি, আর সেই মুহূর্তে পরিবারের পাশে থাকার ইচ্ছার কথা খোলাখুলিভাবে জানিয়েছেন।
২৪ বছর বয়সী ডোকু বেলজিয়াম দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মঙ্গলবার সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। তবে টুর্নামেন্টের মাঝপথেই তাকে যুক্তরাষ্ট্র ছেড়ে ইংল্যান্ডে ফিরতে হতে পারে।
ডোকুর স্ত্রী শিরিনের সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য সময় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। তখন বিশ্বকাপ পৌঁছে যাবে কোয়ার্টার-ফাইনাল পর্বে। বেলজিয়াম যদি তখনও প্রতিযোগিতায় টিকে থাকে, তাহলে জাতীয় দল ও পরিবারের মধ্যে কঠিন এক সিদ্ধান্ত নিতে হতে পারে এই তারকাকে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডোকু বলেন, ‘সবকিছু নির্ভর করছে কখন সময়টা আসে তার ওপর। তবে এটা আমার প্রথম সন্তান, তাই অবশ্যই আমি সেখানে থাকতে চাই। যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি কী চাই, তাহলে বলব কেউই তার প্রথম সন্তানের জন্ম মিস করতে চায় না। তবে আমি এটাও জানি যে ফুটবলে আরও অনেক বিষয় বিবেচনা করতে হয়।’
ডোকুর বিশ্বাস, বেলজিয়ান ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের ব্যক্তিগত পরিস্থিতিকে গুরুত্ব দেয়। তাই প্রয়োজন হলে সমাধানের পথ বের করা সম্ভব হবে বলেও আশাবাদী তিনি।
বেলজিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, সন্তানের জন্মের সময় ডোকুকে দ্রুত ইংল্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থাও করা হতে পারে। মজার বিষয় হলো, একই ধরনের পরিস্থিতিতে আছেন বেলজিয়ামের ডিফেন্ডার ব্র্যান্ডন মেকেলেও। তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য সময় ডোকুর স্ত্রীর এক সপ্তাহ পর।
