Tuesday, May 12, 2026
Homeবাংলাদেশফতুল্লায় বাসায় বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

ফতুল্লায় বাসায় বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও তার জমজ ভাই রাকিব (১৬)। তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই একতলা ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে গিয়ে দেখেন ঘরটির দরজা ও জানালা ভেঙে পড়েছে। ভেতর থেকে দগ্ধ অবস্থায় ভুক্তভোগীরা বের হয়ে আসছিলেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক। তার তিন ছেলের মধ্যে মেহেদী হালিম বিক্রেতা, সাকিব পোশাক কারখানার শ্রমিক এবং রাকিব চটপটি বিক্রি করেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। দুর্ঘটনার সময় বাবা ও তিন ছেলে ঘুমিয়ে ছিলেন। মা রান্নার কাজে পানি সংগ্রহের জন্য ঘরের বাইরে থাকায় বেঁচে যান।

প্রতিবেশীদের ধারণা, কক্ষের ভেতর জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

 

Most Popular