Tuesday, July 28, 2026
Homeবিদেশপরমাণু চুক্তির জন্য সৌদি অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

পরমাণু চুক্তির জন্য সৌদি অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি দেবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সৌদি আরবের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজ সামাজিক যোগ্যাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আজ বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপনে ট্রাম্প তার প্রথম মেয়াদে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরবে বেসামরিক পর্যায়ে পারমাণবিক কর্মসূচি চালু করতে চুক্তি হবে। তবে এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগ দেওয়ার ওপর।’

২০২৩ সালে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও, গাজায় হামলা শুরু হওয়ার পর আলোচনা থেকে সরে দাঁড়ায় সৌদি আরব।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না বলে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরই ট্রাম্পের এই বার্তা সামনে এল।

কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ সই করেছে। চতুর্থ দেশ সুদান এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগদান চূড়ান্ত করেনি।

অন্যদিকে, অনারব দেশ কাজাখস্তান ইতোমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং গত নভেম্বরে অ্যাকর্ডসে যোগ দিতে সম্মত হয়েছে।

Most Popular