১৫ নভেম্বর ১৯৭১, সোমবার সকাল আটটা। কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য ধানমন্ডির হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের বাসা থেকে বের হন সহকারী শল্যচিকিৎসক ডা. আজহারুল হক। সঙ্গে ছিলেন একই হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. হুমায়ুন কবীর।
বাসা থেকে বের হতেই একটি কাদামাখা মাইক্রোবাস গলির মুখে এসে থামে। গাড়ি থেকে নেমে কয়েকজন তরুণ ডা. আজহারুল হককে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করতে শুরু করেন। এরপর দুই চিকিৎসককে কিছুটা হাঁটিয়ে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পরদিন ১৬ নভেম্বর সকালে মতিঝিলের নটর ডেম কলেজের দক্ষিণ-পূর্ব কোণের একটি কালভার্টের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের হাত-পা ও চোখ বাঁধা ছিল। শরীরে ছিল আঘাতের চিহ্ন। ধারণা করা হয়, নির্যাতন চালিয়ে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়।
১৫ নভেম্বর আলবদর সদস্যরা যখন এই দুই চিকিৎসককে তুলে নিয়ে যায়, তখন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ডা. আজহারুল হকের স্ত্রী শহীদজায়া সালমা হক। তিনি বলেন, ‘সেদিন সোমবার ছিল। আগের দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে আমার স্বামী হাসপাতালে যেতে পারেননি। তাই সেদিন সকাল সকাল বের হওয়ার প্রস্তুতি নেন। কারফিউ থাকায় এবং হাসপাতালে অ্যাপ্রন ফেলে আসায় তিনি ফোন করে একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন। এরপর বাসা থেকে নিচে নামতেই গেটের কাছে আলবদর সদস্যরা তাকে ঘেরাও করে। আজহারের সঙ্গে ইন্টার্ন ডা. হুমায়ূন কবীরও ছিলেন।’
সালমা হক আরও বলেন, ‘দূরত্বের কারণে তাদের মধ্যে কী কথা হয়েছিল শোনা যায়নি। তবে আজহারের হাতে রাইফেলের বাঁট দিয়ে মারতে দেখেছি। তিনি তখন হতভম্ব হয়ে যান। এরপর তাকে কিছুটা হাঁটিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। গলার কাছে লম্বা দাগ এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। অনবরত বুট দিয়ে লাথি মেরে নির্যাতন করার পর শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছিল।’
আজহারুল হক যখন শহীদ হন, তখন তার স্ত্রী সালমা হক আট মাসের অন্তঃসত্ত্বা। আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার স্বামী আমাদের প্রথম সন্তানের মুখটিও দেখে যেতে পারেননি।’
গবেষকদের মতে, এই দুই চিকিৎসকের হত্যাকাণ্ডের মধ্য দিয়েই মূলত বিজয়ের আগমুহূর্তে সুপরিকল্পিত বুদ্ধিজীবী নিধনের নীলনকশা বাস্তবায়ন শুরু হয়। ১৫ নভেম্বর শুরু হওয়া এই পরিকল্পিত নিধনযজ্ঞ চলে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত। পাকিস্তানি বাহিনীর মূল উদ্দেশ্য ছিল দেশকে জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্বশূন্য করা।
মেজর রফিকুল ইসলাম ‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেপথ্যে’, লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির ‘দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান’ ও মাসুদুল হকের ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সিআইএ’সহ একাধিক গ্রন্থের তথ্য অনুযায়ী, সুপরিকল্পিত এ হত্যাকাণ্ডের পরিকল্পনা শুরু হয় আগস্ট মাসে। সে সময় সাংবাদিক পরিচয়ে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী হেনরি কিসিঞ্জারের দুই বিশেষ দূত ডুসপিক ও হেইট। ডুসপিক ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এবং হেইট ছিলেন মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য।
তারা ঢাকায় তৎকালীন গভর্নর হাউসে (বর্তমান বঙ্গভবন) মেজর জেনারেল রাও ফরমান আলীর সঙ্গে কয়েক দফা বৈঠক করে ব্যাংকক হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান। মূলত বৃহৎ পরিসরে সরাসরি গণহত্যা না চালিয়ে বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়, যাতে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিকভাবে ঘুরে দাঁড়াতে না পারে। তাদের ঢাকা ছাড়ার পর রাও ফরমান আলীর নেতৃত্বে গভর্নর হাউসে এবং ব্রিগেডিয়ার বশির আহমেদের নেতৃত্বে ঢাকা সেনানিবাসে একাধিক বৈঠক হয়।
দেশ স্বাধীন হওয়ার পর আলবদরের ‘চিফ এক্সিকিউটর’ আশরাফুজ্জামান খানের ৩৫০ নাখালপাড়ার বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। সেখানে ২০ জন বুদ্ধিজীবীর নাম পাওয়া যায়, যাদের সবাই নিখোঁজ হয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে সাক্ষী মফিজুদ্দিন জানান, তাদের মধ্যে আটজন বুদ্ধিজীবীকে আশরাফুজ্জামান নিজে গুলি করে হত্যা করেছিলেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনীর চৌধুরী, ড. আবুল খায়ের, গিয়াসউদ্দিন আহমেদ, রশিদুল হাসান, ড. ফয়জুল মহী ও চিকিৎসক ডা. গোলাম মুর্তজা।
মুক্তিযুদ্ধের পর গভর্নর হাউসের একটি ডেস্কে রাও ফরমান আলীর হাতে লেখা আরেকটি ডায়েরি পাওয়া যায়। তাতে প্রায় তিন হাজার বুদ্ধিজীবীর তালিকা ছিল। অনেকের নামের পাশে ছিল ‘ক্রস’ চিহ্ন, কারও নামের পাশে বাড়ির নম্বর ও মন্তব্য। যাদের নামের পাশে ক্রস চিহ্ন ছিল, তাদের প্রায় সবাই নিখোঁজ হন। নোটের এক জায়গায় বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নেওয়ার পরিকল্পনার কথা এবং আলবদরদের যাতায়াতের জন্য ক্যাপ্টেন তাহিরের গাড়ি সরবরাহের বিষয়টি উল্লেখ ছিল। তালিকা তৈরিতে সহযোগিতা করেছিলেন আলবদরের শীর্ষ নেতারা।
১৫ নভেম্বর ডা. আজহারুল হক ও হুমায়ুন কবীরকে হত্যার পর ১০ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে শান্তিনগরের চামেলীবাগের ভাড়া বাসা থেকে দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে তুলে নিয়ে যায় হানাদার বাহিনী। এরপর ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়।
১৬ ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আজিমপুরের বাসা থেকে তুলে নেওয়া হয় ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. আবুল কালাম আজাদকে। তিনিই ছিলেন এই পরিকল্পনার শিকার শেষ বুদ্ধিজীবী। বিজয়ের পর রায়েরবাজার বধ্যভূমি থেকে অনেকের অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার করা হয়, যা শনাক্ত হয়েছিল পরনের কাপড় ও জুতা দেখে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য অনুযায়ী, ১০ থেকে ১৬ ডিসেম্বর বুদ্ধিজীবীদের তুলে নেওয়ার বেশিরভাগ ঘটনায় নেতৃত্ব দেন আলবদরের চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান ও অপারেশন ইনচার্জ চৌধুরী মুঈনুদ্দীন। নিধনযজ্ঞ বাস্তবায়নে যুক্ত ছিলেন আলবদরের প্রতিষ্ঠাতা মতিউর রহমান নিজামী, সেকেন্ড-ইন-কমান্ড আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ঢাকা মেডিকেল কলেজের ডা. এহসান, ইসলামী ছাত্রসংঘের নেতা এমরান, এ বি এম খালেক মজুমদার, মওলানা আবদুল মান্নান ও আবদুল কাদের মোল্লা।
বুদ্ধিজীবীদের অপহরণে কাদামাখা মাইক্রোবাস ও ইপিসিএফের গাড়ি ব্যবহার করা হয়, যা সরবরাহ করেছিলেন পাকিস্তানি ক্যাপ্টেন তাহির। এ কাজে আলবদর সদস্যদের সঙ্গে কয়েকজন বিহারিও সহায়তা করে।
মুক্তিযুদ্ধের শেষ ভাগে এই নিধনযজ্ঞ তীব্র রূপ নিলেও এর সূচনা হয়েছিল ২৫ মার্চের কালরাতেই। নয় মাসজুড়েই সারা দেশে বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়।
২৯ মার্চ কুমিল্লায় অ্যাডভোকেট আবদুল করিমের নির্দেশে ভাষা আন্দোলনের নেতা ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে তার ছেলেসহ ময়নামতি সেনানিবাসে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়।
৪ এপ্রিল সকালে ঢাকায় সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক যোগেশচন্দ্র ঘোষকে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা।
১৪ এপ্রিল রাজশাহীতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার এবং ১৫ এপ্রিল নিখোঁজ হন গণিত বিভাগের অধ্যাপক হবিবুর রহমান।
২৩ এপ্রিল চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক নূতন চন্দ্র সিংহকে হত্যা করা হয়।
২৫ মার্চ রাতে নীলফামারীর সৈয়দপুর থেকে আটক ১২ জন বুদ্ধিজীবীকে টানা ১৮ দিন নির্যাতনের পর ১২ এপ্রিল রংপুর সেনানিবাসের কাছে বালারখাইলে ব্রাশফায়ারে হত্যা করা হয়। এটি ছিল ঢাকার বাইরে এক দিনে বুদ্ধিজীবীদের সবচেয়ে বড় গণহত্যা।
১৯৭১ সালের ১৫ জুন দ্য ওয়াশিংটন ডেইলি নিউজ-এর ‘পূর্ব পাকিস্তানে পৈশাচিক হত্যাযজ্ঞ’ শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়েছিল, পাকিস্তানি সামরিক বাহিনী পরিকল্পিত নিধনযজ্ঞের কথা অস্বীকার করলেও বাস্তবে তারা বুদ্ধিজীবী, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের ঠান্ডা মাথায় হত্যা করছে, যাতে স্বাধীন পূর্ব পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকে।
