যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির সিক্রেট সার্ভিস।
বৃহস্পতিবার আটক ওই ব্যক্তির গাড়ি থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে। গাড়িটি চুরি করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের পাশে একটি গাড়িতে ভেনেজুয়েলার নাগরিক রনি ইওরড্রিক্স গুয়ানিপা ক্রিনোসকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ২০২৪ সালে তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তারা ক্রিনোসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তার মাথার ভেতর কিছু কণ্ঠস্বর তাকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে বলছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাড়িতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন ক্রিনোস। কর্মকর্তারা সেখান থেকে একটি রাইফেল, দুটি পিস্তল এবং কয়েক ডজন গুলি উদ্ধার করেন বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগ্নেয়াস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগের পাশাপাশি অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং চোরাই সম্পদ গ্রহণের অভিযোগে ক্রিনোসকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, ‘আমাদের হেফাজতে থাকা ব্যক্তি মার্কিন নাগরিকদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। সিক্রেট সার্ভিসের সদস্যরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনা আমাদের কাজের ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেছে। একইসঙ্গে হোয়াইট হাউস এলাকায় অস্ত্রধারীদের উপস্থিতির ঘটনাও বাড়ছে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন ঘটনায় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জড়িত থাকার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্মকর্তাদের মতে, এসব ব্যক্তির কাছে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের পদ বিশেষ প্রতীকী গুরুত্ব বহন করে। এ কারণে তারা এসবকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিতে পারেন।
গত মে মাসেও হোয়াইট হাউসের একটি নিরাপত্তা তল্লাশিচৌকির কাছে গুলি চালান মানসিক সমস্যায় আক্রান্ত এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করেন।
