Sunday, July 12, 2026
Homeখেলাটেস্ট দলের দায়িত্ব থেকে সরলেন ম্যাককালাম

টেস্ট দলের দায়িত্ব থেকে সরলেন ম্যাককালাম

‘বাজবল’ দর্শন দিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। শুরুটা ছিল রূপকথার মতো, কিন্তু সময়ের সঙ্গে সেই আগ্রাসী দর্শনের ধার কমে যায়। টানা ব্যর্থতা, অ্যাশেজে ভরাডুবি এবং সাম্প্রতিক বিতর্কের পর শেষ পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাককালামের বিদায়ের পেছনে অন্যতম কারণ সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্স। তার অধীনে ইংল্যান্ড সর্বশেষ নয়টি টেস্টের মধ্যে সাতটিতেই হেরেছে। এর মধ্যে রয়েছে ২০২৫-২৬ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়।

এই দুই সিরিজের মাঝেই দলের খেলোয়াড়দের মদ্যপানের সংস্কৃতি নিয়ে অভিযোগও সামনে আসে, যা দলকে আরও বিতর্কের মুখে ফেলে। ইসিবির বিবৃতিতে ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলকে কোচিং করাটা আমি দারুণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই দায়িত্ব চালিয়ে যেতে না পারায় কষ্ট হচ্ছে, তবে আমি সিদ্ধান্তকে সম্মান করি।’

২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শনের সূচনা করেন ম্যাককালাম। তার অধীনে ইংল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারায়। ২০২৩ সালের অ্যাশেজও ২-২ সমতায় শেষ করে দলটি।

তবে পরে ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হার সেই কৌশলের সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। এরপর অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-১ ব্যবধানে পরাজয় কার্যত তাঁর বিদায়ের ভিত্তি তৈরি করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও মাঠের বাইরের বিতর্ক থামেনি। দ্বিতীয় টেস্টের আগে মধ্যরাতের কারফিউ ভেঙে লন্ডনের একটি বারে যাওয়ায় অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে দল থেকে বাদ দেওয়া হয়। পরে ট্রেন্ট ব্রিজ টেস্ট চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। সেটিই ছিল ম্যাককালামের টেস্ট কোচ হিসেবে শেষ ম্যাচ।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের আগে এখন নতুন টেস্ট অধিনায়ক ও কোচ খুঁজছে ইংল্যান্ড।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘ব্রেন্ডন ইংল্যান্ডের টেস্ট দলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তার সময়ে আমরা অনেক স্মরণীয় জয় পেয়েছি। তবে আগামী ২০২৭ সালের ঘরের মাঠের অ্যাশেজ জয়ের লক্ষ্য সামনে রেখে এখন পরিবর্তনের সময় এসেছে বলে আমরা মনে করছি।’

ইংল্যান্ডের ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক রব কি অবশ্য মনে করেন, ম্যাককালাম এমন একটি দল রেখে গেছেন, যারা ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করতে সক্ষম।

টেস্ট দলের দায়িত্ব ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেটে কাজ চালিয়ে যাবেন ৪৪ বছর বয়সী ম্যাককালাম। শনিবারই তার অধীনে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৫৬ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে।

ম্যাককালাম বলেন, ‘এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দুই দলকে নিয়ে। টেস্ট দলের জন্য শুভকামনা। ওই ড্রেসিংরুমে অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় আছে এবং তারা দারুণ একটি দল।’

এদিকে ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম আলোচনায় রয়েছে।

 

Most Popular