Sunday, July 12, 2026
Homeবাংলাদেশভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৬

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষার্থী নূরনবী শেখ (১২) মারা গেছে।

আজ রোববার সকালের ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায়।

আলগী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের তুহিন শেখের ছেলে নূরনবী পাশের নগরকান্দা উপজেলার কাইচাইল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

মো. আল-আমিন জানান, ছেলেটির মরদেহ তার নিজ বাড়িতে আনা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নড়াইল এক্সপ্রেস বাসটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে চারজন এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করে তিনটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Most Popular