Saturday, November 21, 2026
Homeবিদেশজেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ

জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

তার অধীন এক নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এ বৈঠক হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

জেনসেনের বিদায় হলে তা এনভিডিয়ার জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি করতে পারে। এআই চিপের বাজারের আনুমানিক ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানটি। এনভিডিয়ায় জেনসেনের ব্যক্তিগত শেয়ারের পরিমাণ ৩ দশমিক ৫৬ শতাংশ। প্রতিষ্ঠানের ওপর তার নিয়ন্ত্রণ এতটাই জোরালো যে, তার স্পষ্ট কোনো উত্তরসূরি নেই।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রথম বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীনা নাগরিক অ্যালিস হুয়াং বা হুয়াং লে বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তিনি এনভিডিয়ার চিপ ক্রেতা এবং সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী। ২০২৪ সালের জুন থেকে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে।

তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চীন। অ্যালিস এ বিষয়ে মন্তব্য করেননি।

জেনসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। ওই নারীর সঙ্গে জেনসেনের সম্পর্কের বিষয়ে ট্রাম্পকে আগেই জানানো হয়েছিল। তবে তিনি কোনো পদক্ষেপ নেননি। গত সপ্তাহে জেনসেনের পক্ষ নিয়ে ‘সম্মানিত মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, জেনসেন তার অধীন এক নির্বাহীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এনভিডিয়ার আচরণবিধিতে অধস্তন কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে বলা হয়েছে। অসদাচরণের অভিযোগ পেলে দ্রুত তদন্ত করার নীতিও রয়েছে প্রতিষ্ঠানটির।

Most Popular