Thursday, July 2, 2026
Homeবাংলাদেশজুনে ৭৫ চালকের লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

জুনে ৭৫ চালকের লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে জুনে ৭৫টি ড্রাইভিং লাইসেন্স থেকে মোট ৭৮ ডিমেরিট পয়েন্ট কেটে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বৃহস্পতিবার দুপুরে বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন আইনের ১১(১) ধারা অনুযায়ী, একটি লাইসেন্স বাতিলের জন্য ১২টি ডিমেরিট পয়েন্ট নির্ধারিত। ট্রাফিক আইন ভাঙলে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হয়।

বাংলাদেশ গেজেটে প্রকাশিত ডিমেরিট পয়েন্ট সূচি অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য, অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে যানবাহন ব্যবহার, অতিরিক্ত ভাড়া আদায়, মিটার কারসাজি, অতিরিক্ত বোঝাই, বেপরোয়া গতি, অবৈধ হর্ন ব্যবহার, দূষণকারী বা অনিরাপদ যানবাহন চালানো এবং যান চলাচলে বাধা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে পয়েন্ট কাটা যায়।

বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল মাসুদ দ্য ডেইলি স্টারকে জানান, ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ অ্যাপের মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

তিনি বলেন, কোনো চালকের ১২টি পয়েন্টই কেটে গেলে তার লাইসেন্স অকার্যকর হয়ে যাবে এবং নবায়ন বা নতুন লাইসেন্সের জন্য আবেদনও করা যাবে না। একবার কাটা পয়েন্ট পুনরুদ্ধারেরও সুযোগ নেই বলে তিনি জানান।

Most Popular