কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্থানীয় নেতার দখলে থাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর উদ্ধার করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ধরখার ইউনিয়নের রুটি গ্রামের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘদিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও তাপসী রাবেয়া বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে অভিযান চালিয়ে ঘর দুটি দখলমুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য। কোনো ব্যক্তি অবৈধভাবে এসব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানের সময় অভিযুক্ত আব্দুর রউফ ঘটনাস্থলে ছিলেন না বলেও জানিয়েছেন ইউএনও।
