আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার টানা তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় জিয়াউলকে ‘সিরিয়াল কিলার’ ও ‘মানবতার কলঙ্ক’ হিসেবে উল্লেখ করেন তিনি।
ভুক্তভোগী ও তাদের পরিবারের ক্ষতিপূরণ দিতে জিয়াউলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন করেন রুহুল কুদ্দুস।
ট্রাইব্যুনালকে অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধের সংখ্যা, নৃশংসতা ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় কোনো শাস্তিই যথেষ্ট হবে না। এত মানুষের প্রাণহানি ও পরিবার-স্বজনদের দুর্ভোগের তুলনায় মৃত্যুদণ্ডও অতি সামান্য।
তিনি বলেন, জিয়াউলের অপরাধ ‘সমুদ্রের মতো বিশাল’। এর তুলনায় মৃত্যুদণ্ডও হবে ‘শিশির কণার’ মতো।
অ্যাটর্নি জেনারেল সব অভিযোগে জিয়াউলকে দোষী সাব্যস্ত করার আবেদন জানান। তার যুক্তি, রাষ্ট্রপক্ষ জিয়াউলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছে।
তিনি বলেন, মামলাটি বিচারের এখতিয়ার ট্রাইব্যুনালের রয়েছে এবং বিচারপ্রক্রিয়া ছিল ন্যায়সংগত ও নিরপেক্ষ। আত্মপক্ষ সমর্থনের জন্য আসামিকে সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে।
রুহুল কুদ্দুস বলেন, গুম একটি চলমান অপরাধ। যারা ফিরে আসেননি, যাদের মরদেহ পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে এই আসামি বিচারে সোপর্দ থাকা অবস্থাতেও তার অপরাধের অবসান ঘটেনি। এই আসামি নিজে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। অধস্তনদের আদেশ দিয়ে অপরাধ করতে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়ে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষকে বারবার তুলে নিয়ে গোপনে আটক, নির্যাতন ও হত্যা করা হয়েছে এবং মরদেহ গুম করা হয়েছে। মানুষের জীবন রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন। এতে অসংখ্য পরিবার তাদের স্বজনদের হারিয়েছে।
তিনি বলেন, কোনো শাস্তিই একটি জীবন ফিরিয়ে দিতে পারে না। আদালতের কোনো রায়ই মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারে না। তারপরও এসব অপরাধের বিচার হতে হবে। আর সে কারণেই আমরা এই ট্রাইব্যুনালে এসেছি।
অপরাধের ব্যাপকতা ও ভয়াবহতা বিবেচনায় রাষ্ট্রপক্ষ আইনে অনুমোদিত সর্বোচ্চ শাস্তি চাইছে বলে জানান তিনি।
