Sunday, August 16, 2026
Homeবাংলাদেশজামালপুরে গ্যাস সংকটে অটোরিকশার ভাড়া দ্বিগুণ, চলাচলে ভোগান্তি

জামালপুরে গ্যাস সংকটে অটোরিকশার ভাড়া দ্বিগুণ, চলাচলে ভোগান্তি

গ্যাস সংকটের কারণে জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় বিভিন্ন রুটে ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের যাত্রীরা।

চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নেই। ফলে রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে গেছে। এই সুযোগে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

সরিষাবাড়ী থেকে জামালপুর রুটে আগে ৫০ থেকে ৬০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন যাত্রীদের ১০০ থেকে ১২০ টাকা দিতে হচ্ছে।

জামালপুর থেকে বকশিগঞ্জের ভাড়া ১০০ থেকে ১১০ টাকা থেকে বেড়ে ২০০ থেকে ২২০ টাকা হয়েছে। একইভাবে জামালপুর-মাদারগঞ্জ রুটে ৫০ থেকে ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০ থেকে ১২০ টাকা হয়েছে।

চালকদের দাবি, গ্যাসের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় দুই-তিন দিন অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প জ্বালানি ব্যবহার করে গাড়ি চালাতে হচ্ছে। এতে তাদের খরচ বেড়েছে।

সিএনজিচালিত অটোরিকশার এক চালক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই-তিন দিন দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছি না। যা পাচ্ছি, তাও যথেষ্ট নয়। একদিন গাড়ি চালিয়ে দুইদিন বসে থাকতে হচ্ছে। তাই বাধ্য হয়ে ভাড়া বেশি নিতে হচ্ছে।’

সরিষাবাড়ীর বাসিন্দা রবিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘আগে সরিষাবাড়ী থেকে জামালপুর যেতে ৬০ টাকা ভাড়া দিতাম। এখন ১০০ টাকা, কখনো ১২০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। আমরা নিম্নআয়ের মানুষ। এই ভাড়া আমাদের জন্য অনেক বেশি।’

তিনি বলেন, ‘আমরা চাই, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।’

রফিক নামের এক যাত্রী বলেন, ‘আগে আরামনগর থেকে তারাকান্দি যেতে ৩০ টাকা ভাড়া দিতাম। এখন ৬০ টাকা দিতে হচ্ছে। এভাবে ভাড়া বাড়ানো অস্বাভাবিক। বিষয়টি তদারকি করা দরকার।’

সরিষাবাড়ীর যাত্রী সবুজ মিয়া বলেন, ‘সাধারণত যে যাত্রার ভাড়া ৫০ টাকা, সেই যাত্রায় ১০০ টাকা দিতে চেয়েও সিএনজিচালিত অটোরিকশা পাইনি। পরে বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ১৫০ টাকা ভাড়া দিয়ে যেতে হয়েছে।’

সিএনজিচালিত অটোরিকশাচালক সুজন মিয়া বলেন, ‘গ্যাস সংকটের কারণে আমরা খুব কঠিন সময় পার করছি। আগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া নিচ্ছি, কিন্তু তাতেও পোষাচ্ছে না। আমাদের আয় অর্ধেকে নেমে এসেছে।’

সরিষাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) লিজা রিচিল ডেইলি স্টারকে বলেন, ‘অবৈধভাবে ভাড়া বাড়ানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।’

জামালপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক দুর্জয় খকশী ডেইলি স্টারকে বলেন, ‘জাতীয় গ্রিডে সমস্যার কারণে বুধবার রাত ১০টা থেকে মূল লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, আশা করি, শিগগির সমস্যার সমাধান হবে।

জামালপুরের পুলিশ সুপার (এসপি) ফারহানা ইয়াসমিন ডেইলি স্টারকে বলেন, ‘যদি কোথাও ভাড়া বাড়ানোর মতো ঘটনা ঘটে, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে।’

Most Popular