ঢাকায় চাকরির নিয়োগ পরীক্ষা শেষে ট্রেনে ফিরছিলেন এক তরুণ। পথে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নাটোরের আব্দুলপুর রেলস্টেশন থেকে চার সন্দেহভাজন যাত্রীকে আটক করে রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
নিহত তরুণের নাম মো. মনোয়ার হোসেন (২৭)। তিনি পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ঘারনাগড়া গ্রামের নওশের আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে, গত শনি ও রোববার ঢাকায় দুটি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে তিনি স্ত্রী ও সন্তানকে নিজের বাড়িতে আনতে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান জানান, একই ট্রেনে থাকা দুর্বৃত্তদের একটি দল মনোয়ার হোসেনকে ধরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।
এ ঘটনায় আটক চারজন হলেন—কুড়িগ্রামের নারায়ণপুর গ্রামের মো. আকাশ (২৩), গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ মোরাদাহের মো. আব্দুর রহিম (৩০), ময়মনসিংহের হালুয়াঘাটের মো. রাব্বি ওরফে হৃদয় ও নারায়ণগঞ্জের পাহাড়িয়া গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরী।
ওসি জানান, নাটোরের আব্দুলপুর রেল জংশনে ওই চারজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত রেলওয়ে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা অপরাধ স্বীকার করেন। উদ্ধার হওয়া মোবাইলে থাকা নম্বরের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিহত তরুণের পরিচয় নিশ্চিত করে পুলিশ।
গত মঙ্গলবার সকালে গাজীপুর জেলার জয়দেবপুরের কোনাবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে পুলিশ।
ঈশ্বরদী জিআরপি ওসি জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে পুলিশ তদন্ত করছে এবং তদন্তকারী দল পৌঁছালে আটক চারজনকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত তরুণের বাবা মো. নওশের আলী জানান, মনোয়ার আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, কিন্তু চাকরি হারানোর পর নতুন প্রতিষ্ঠানে নতুন কাজের খোঁজ করছিলেন।
নওশের বলেন, ‘আমার ছেলে ২১ নভেম্বর ও ২২ নভেম্বর দুটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিল। পরীক্ষা শেষে স্ত্রী ও সন্তানদের পাবনার বাড়িতে আনার জন্য রাজশাহীর মোহনপুরে যাচ্ছিল।’
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে ছেলের সঙ্গে তার কথা হয়। তখন মনোয়ার সকালে রাজশাহীতে যাওয়ার কথা জানান। আর ট্রেনে ওঠার আগে রাত ১০টার দিকে শেষবার স্ত্রীকে ফোন করেন।
নওশের আলী বলেন, ‘সিট না পেয়ে সোমবার রাত ১১টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে দাঁড়িয়ে যাত্রা শুরু করে আমার ছেলে। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
সকালে পুলিশের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পান জানিয়ে তিনি বলেন, সামান্য একটি মোবাইল ফোনের জন্য ছেলেকে হত্যা করা হলো। হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
তিনি আক্ষেপ করে বলেন, ‘চাকরি না থাকায় ছেলে খুব মানসিক চাপে ছিল। তার স্ত্রী ও আট মাসের এক শিশু সন্তান রয়েছে। সংসার চালানোর জন্যই সে চাকরির চেষ্টা করছিল। তাকে ছাড়া আমরা কীভাবে চলব?’
