চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে গতকাল সোমবার রাতে এক নারীকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে।
এই পুশ ইনের চেষ্টায় সহায়তার অভিযোগে সাত বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। এর মধ্যে চারজনকে প্রথমে বিজিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাতে আটকদের থানায় আনা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আটকরা হলেন—বাবুল আক্তার (৪০), এমদাদুল হক (৩৮), রয়েল (২৮), আজম আলী (৩৫), আলম (৩৮), আসমাউল হক (৩৩) ও মেজবউল (৩৫)। তারা সবাই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত পৌনে ১১টার দিকে বিজিবির নওগাঁ ১৬ ব্যাটালিয়নের আওতাধীন রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালান ভারতের ৮৮ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ সদস্যরা কয়েকজন বেসামরিক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে সীমান্ত পার করে পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে বিজিবির একটি টহল দল তাৎক্ষণিকভাবে পুশ ইনের চেষ্টাটি নস্যাৎ করে দেয়।
এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ ইনের আরও একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, তারা সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থান বজায় রাখছে।
