ওয়ানডে সিরিজ জয়ের সুবাস এখনো বাতাসে ভাসছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ শিবিরে হঠাৎই চোট আর অসুস্থতার হানা। পেশির টানে অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনি অসুস্থ হয়ে পড়েছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। আর এই জোড়া ধাক্কার কারণেই শেষ মুহূর্তে ব্যাকআপ হিসেবে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার।
আজ (মঙ্গলবার) বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নিজের ফিটনেস ও সৌম্যর অন্তর্ভুক্তি নিয়ে খোলাসা করেছেন অধিনায়ক লিটন, ‘আমি আগের থেকে ভালো অবস্থায় আছি। তবে আজকে এবং কালকের অবস্থা দেখে আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আসলে ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম।’
অধিনায়কের এই ‘ফিফটি-ফিফটি’ অবস্থার সঙ্গে যোগ হয়েছে পারভেজ হোসেন ইমনের অসুস্থতা। বাঁহাতি ব্যাটার আক্রান্ত জ্বরে। টপ অর্ডারে এই দুই ক্রিকেটারের ফিটনেস জটিলতার কারণেই হুট করে দলে আনা হয়েছে সৌম্যকে। ওয়ানডে সিরিজ খেলা সৌম্য আজ চট্টগ্রাম পৌঁছে দলে যোগ দেবেন।
হুট করে এই বাঁহাতি অলরাউন্ডারকে স্কোয়াডে নেওয়ার ব্যাখ্যায় লিটন জানান, ‘সৌম্যকে নেওয়ার কারণ হলো আমার ফিটনেস নিয়ে আমি ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। দেখা যাক কাল পর্যন্ত কী হয়। এছাড়া ইমনের (পারভেজ) কিছুটা অসুস্থতা আছে। তাই ব্যাকআপ হিসেবে একজনকে দরকার ছিল যাতে হঠাৎ কাউকে ডাকতে না হয়।’
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে দল এবং মেজাজ কিছুটা আলাদা হলেও ওয়ানডে সিরিজের জয় দলের ভেতর ইতিবাচক প্রভাব রাখছে বলে বিশ্বাস অধিনায়কের। তবে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারাতে হলে নির্দিষ্ট দিনে যে সেরা ক্রিকেট খেলতে হবে, তা মনে করিয়ে দিতে ভুললেন না লিটন।
লিটনের খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত কাল ম্যাচের ঠিক আগেই জানা যাবে। তবে অধিনায়ক যদি শেষ পর্যন্ত মাঠে নামতে না পারেন, তবে সাগরিকার বাইশ গজে টসের সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে পারেন তাওহিদ হৃদয়।
বুধবার দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি।
