টি-টোয়েন্টি ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে টিকে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।
শুক্রবার ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে নাইটসের বিপক্ষে স্রেফ তাণ্ডব চালান তিনি। ওপেনিংয়ে নেমে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন টাইটান্সের ২০ বছর বয়সী এই ব্যাটার। বিস্ফোরক ব্যাটিংয়ে ১৫টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান প্রিটোরিয়াস।
এর আগে ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। এতদিন এই সংস্করণের চূড়ায় থাকা এই ক্যারিবিয়ান কিংবদন্তিকে এবার পেছনে ফেললেন প্রিটোরিয়াস।
ইনিংসের প্রথম দুই বলেই যথাক্রমে চার ও ছক্কা হাঁকিয়ে শুরু করেন প্রিটোরিয়াস। এরপর আর থামাথামি নেই। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে তিনি ফিফটি পূর্ণ করেন ২৪ বলে। এরপর ৪০ বলে সেঞ্চুরি এবং ৫৮ বলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
প্রিটোরিয়াসের এমন তাণ্ডবের দিনে টাইটান্সের অন্য কোনো ব্যাটার যেতে পারেননি ত্রিশের ঘরে। তার অতিমানবীয় ইনিংসের ওপর ভর করেই ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড় গড়ে দলটি। এটি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল বাকি থাকতে ১৪৩ রানেই গুটিয়ে যায় নাইটস। ফলে ১২৪ রানের একপেশে ও বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইটান্স।
