Thursday, October 1, 2026
Homeবিদেশগাজায় ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ ৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের হামলায় সাংবাদিকসহ ৮ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও রয়েছেন।

তবে হামলার স্থান বা পরিস্থিতি সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৬৩ সাংবাদিকের প্রাণ গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত নয়জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে এ পর্যন্ত নিহত বেড়ে অন্তত ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে, বুধবার আটজন নিহত হয়েছেন এবং আগের হামলায় আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে অন্তত ৫ হাজার ২৬ জন আহত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আহত হয়েছেন ৩১ জন।

আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি গাজার বাসিন্দাদের পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামছেই না। প্রতিদিন ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন এবং মানবিক পরিস্থিতি ক্রমাগত আরও ভয়াবহ হয়ে উঠছে।

তিনি আরও যোগ করেন, গাজার বাসিন্দারা এখন এতটাই আতঙ্কিত যে, তারা সুপারমার্কেটে যেতে বা সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। সাধারণ জীবনযাপন করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন।

Most Popular