Wednesday, July 15, 2026
Homeবাংলাদেশগত ১৫ বছরে ১৩৩৪ রেল দুর্ঘটনা ঘটেছে: রেলমন্ত্রী

গত ১৫ বছরে ১৩৩৪ রেল দুর্ঘটনা ঘটেছে: রেলমন্ত্রী

গত ১৫ বছরে দেশে মোট ১ হাজার ৩৩৪টি রেল দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি ও পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘মূলত রেললাইন, পয়েন্ট ও ক্রসিংয়ের ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এছাড়া চাকার ফ্ল্যাঞ্জের ত্রুটি, গেজের অসামঞ্জস্য ও রেললাইন বাঁকা হয়ে যাওয়া বা বসে যাওয়ার মতো প্রাকৃতিক কারণেও দুর্ঘটনা ঘটে।’

রেলমন্ত্রী আরও জানান, দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত রেললাইন রক্ষণাবেক্ষণ ও নতুন রেললাইন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি, যাদের বা যে বিভাগের দায় পাওয়া যায়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আরেক প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, ‘মেট্রোরেল প্রকল্প নির্মাণে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে এমন অভিযোগ উঠলে বিধি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, এমআরটি-৬ (উত্তরা উত্তর–কমলাপুর) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তিনবার সংশোধন করা হয়েছে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় পৌঁছায়। আর তৃতীয় ও সবশেষ সংশোধনীতে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৭১৮ কোটি টাকা।

অন্য এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে ৬৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৪১টি মিটারগেজ লোকোমোটিভ, ৩২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবং ৪৮২টি মিটারগেজ যাত্রীবাহী কোচ যুক্ত হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৬ হাজার ৭৭০ কোটি টাকা।

Most Popular