Saturday, July 25, 2026
Homeবাংলাদেশখেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা, যুবকের মরদেহ উদ্ধার

খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা, যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয় যুবকের। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।   
 
আজ সোমবার সকালে উপজেলার কেশারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মো.আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) ওই এলাকার কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রায়হান সৌদিপ্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন তিনি। ছয় মাস আগে বিয়ে করেন মারজাহান আক্তার মমতাজকে। সোমবার ভোররাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন রায়হান। রাতে দেরিতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মমতাজ বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি সিলিং ফ্যানের সঙ্গে রায়হানের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ওসি আবদুর রহিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রায়হান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 

Most Popular