গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া, মুকসুদপুরে থানা ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কাশিয়ানীতে সংসদ সদস্যের বাড়ি এবং মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার খবর পায় তারা। পরে দুপুর ১২টা ৩ মিনিটে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের খবর আসে।
সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম সাংবাদিকদের বলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে সংসদ সদস্যের দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সামনে জড়ো হন। তারা স্লোগান দিয়ে বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে পেট্রল ও অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সংসদ সদস্যের স্বজনরা নিরাপদ স্থানে যেতে সক্ষম হন।’
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শিপলু বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরও মিছিল-সমাবেশের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে যেতে পারেনি।’
এদিকে, গোপালগঞ্জ শহর ও আশাপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
