Monday, November 23, 2026
Homeবাংলাদেশকাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মায়ের পরে চলে গেল দেড় বছরের মাহাদ

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মায়ের পরে চলে গেল দেড় বছরের মাহাদ

ঢাকার কাঁঠালবাগান এলাকার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মায়ের মৃত্যুর পরদিন দেড় বছর বয়সী সন্তানও মারা গেল।

আজ শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

‘আরিস রহমান মাহাদ নামে ওই শিশু ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল,’ বলেন তিনি।

শিশুটির মা ইফতি সাবার (২৫) গতকাল বিকেলে মৃত্যু হয়। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। সাবার স্বামী আব্দুর রহমান মানিক (৩২) শরীরের ৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন।

এই দুর্ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছিলেন। তারা হলেন—সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)। তারাও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে গেছে।

‘মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে,’ ডেইলি স্টারকে বলেন সুলতান।

সানজিদা গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মানিক ওই ফ্ল্যাটে সপরিবারে সাবলেট থাকতেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়।

মানিক জানান, বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান, তার শরীরে আগুন জ্বলছে। পাশেই তার দেড় বছর বয়সী ছেলে মাহাদও ঘুমিয়ে ছিল। তার ছেলেটিও আগুনে পুড়ে যাচ্ছিল।

ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় মানিক দেখতে পান, তার স্ত্রী, শামসুন্নাহার ও সানজিদা দগ্ধ হয়েছেন এবং দৌড়ে বাইরে বেরিয়ে আসছেন।

‘বোতলজাত গ্যাসে চুলা জ্বলতো, তবে সিলিন্ডার রাখা ছিল নিচতলায়,’ বলেন মানিক।

তার ধারণা, রাতে গ্যাস লিক করে ফ্ল্যাটে জমে ছিল। সকালে তার স্ত্রী নাশতা তৈরি করতে গেলে বিস্ফোরণ হয়।

‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ততক্ষণে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। প্রতিবেশীরাই আহতদের হাসপাতালে নিয়ে যান,’ বলেন এসআই সুমন।

এই পুলিশ কর্মকর্তাও মনে করেন, লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটেছে।

Most Popular