Monday, November 23, 2026
Homeবিদেশলিবিয়া উপকূলে রুশ জাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার জেলেনস্কির

লিবিয়া উপকূলে রুশ জাহাজ ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার জেলেনস্কির

লিবিয়া উপকূলে দুটি রুশ জাহাজে হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, এসব হামলায় রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে গেছে।

আজ সোমবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

জেলেনস্কি জানান, লিবিয়ার উপকূলে রুশ জাহাজগুলোতে হামলা চালিয়েছে কিয়েভ। তিনি একে ‘রাশিয়ার যুদ্ধের জবাবে ইউক্রেনের দৃষ্টান্তমূলক অভিযান’ বলে আখ্যা দেন।

আজ এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেন, জাহাজগুলোতে হামলা চালাতে ইউক্রেনে তৈরি সাতটি নৌড্রোন ব্যবহার করা হয়েছে।

‘রুশ করভেট জাহাজ “মেরকিউরি” ডুবিয়ে দেওয়া হয়েছে। এটি তাদের সবচেয়ে আধুনিক জাহাজগুলোর একটি। (ইউক্রেনের বিরুদ্ধে) পূর্ণমাত্রার যুদ্ধ চলাকালে ২০২৩ সালে এটি বহরে যুক্ত করা হয়েছিল’, যোগ করেন তিনি।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর ভাষ্য, জাহাজটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের অংশ ছিল। এটি অন্যান্য জাহাজকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত ছিল।

সংস্থাটি আরও জানায়, ওই জাহাজে থাকা একটি কেএ-২৭ মাল্টিপারপাস হেলিকপ্টারও ডুবে গেছে।

জেলেনস্কি জানান, হামলার শিকার হওয়া দ্বিতীয় জাহাজটির নাম এমভি আঙ্গারা। এটি একটি পণ্যবাহী জাহাজ, তবে তেল বা অন্য কোনো জ্বালানিবাহী নয়, বরং অস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো।

এক্স পোস্টে হামলার দৃশ্যসংবলিত একটি ভিডিও শেয়ার করেন জেলেনস্কি। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

সম্প্রতি ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার স্থল ও আকাশপথে হামলার জবাবে মূল যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে কিয়েভ।

গতকাল রোববার লিবিয়ার বেনগাজি বন্দরের কাছে এসব হামলার ঘটনা ঘটে। রাশিয়া, ইউক্রেন বা কৃষ্ণসাগর থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে এই বন্দরের অবস্থান।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, রোববার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে হামলা হয়। এতে বিস্ফোরণ ঘটলেও কেউ হতাহত হননি।

কয়েক ঘণ্টা পর কর্তৃপক্ষ জানায়, বেনগাজি উপকূলে দ্বিতীয় একটি জাহাজেও হামলা চালানো হয়। বিস্ফোরকবোঝাই নৌড্রোনের মাধ্যমে এই হামলা হয়।

অন্যদিকে, জাতিসংঘ-স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার এক বিবৃতিতে বলেছে, ‘বিদেশি সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়ানোর ফলে সৃষ্ট ঝুঁকি’ নিয়ে তারা উদ্বিগ্ন।

সেপ্টেম্বরে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভূমধ্যসাগরে রুশ জাহাজে ড্রোন হামলা চালাতে ইউক্রেনকে নিজেদের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লিবিয়া। তবে ওই খবর অস্বীকার করেছিল দেশটি।

এর আগে মার্চে লিবিয়ার উপকূলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী রুশ জাহাজ ডুবে যায়। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া দুই দেশের এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।

Most Popular