Tuesday, June 16, 2026
Homeবাংলাদেশ‘কবরস্থানের রাস্তা নিয়ে’ দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, সতর্ক পুলিশ

‘কবরস্থানের রাস্তা নিয়ে’ দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, সতর্ক পুলিশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই দফা সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গ্রামবাসী জানান, উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় কবরস্থানের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল দুপুরে ও সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) ও একই গ্রামের গাবরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৭) নিহত হন। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন জানিয়েছেন, গুরুতর আহত হলে সেলু মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলাল মিয়াকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে, এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে হেলালের মৃত্যু হয়।

আহতদের মধ্যে অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, বলেন পারভেজ।

সাইফুল ইসলাম বলেন, ‘গতকালই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে পরিবেশ থমথমে থাকায় আজও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

Most Popular