লোভনীয় অফারের দুবাইভিত্তিক অ্যাপ্লিকেশন মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপের (এমটিএফই) মাধ্যমে পাচার ৩৬ লাখ ২০ হাজার ডলার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের শনাক্ত করতে না পারায় তদন্ত শেষ করতে হিমশিম খাচ্ছে সংস্থাটি।
আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ করার আগে ভুক্তভোগীদের শনাক্ত করে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হবে সিআইডিকে।
কিন্তু তদন্তকারীরা জানান, ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ে আইনি জটিলতায় পড়ার ভয়ে অনেক দাবিদার নিজেদের পরিচয় প্রকাশ করতে অনীহা দেখাচ্ছেন।
দুবাইভিত্তিক প্রতিষ্ঠানটি কয়েক বছর আগে শত শত মানুষকে তাদের প্রতারণার ফাঁদে ফেলেছিল। তাদের অ্যাপের মাধ্যমে ৫০০, ৯০০ কিংবা দেড় হাজারসহ বিভিন্ন অংকের মার্কিন ডলার বিনিয়োগ করার সুযোগ ছিল।
প্রলোভনে পড়ে বিনিয়োগের নামে বাংলাদেশের উপজেলা বা গ্রাম পর্যায়ের কয়েক হাজার মানুষের কোটি কোটি টাকা চলে যায় এমটিএফইতে।
শত শত মানুষের বিনিয়োগ নিয়ে ২০২৩ সালের আগস্টে এমটিএফই স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট বন্ধ করে দেয়।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা দ্রুত তদন্ত শেষ করতে চাই। কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের শনাক্ত করতে আমাদের বেগ পেতে হচ্ছে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ। আইনি ঝামেলায় পড়ার ভয়ে অনেকেই সামনে আসতে চাইছেন না, যার ফলে কমপ্লায়েন্স প্রতিবেদন তৈরি করতে দেরি হচ্ছে।’
সিআইডি সূত্র জানায়, প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্থ হারিয়েছেন বলে দাবি করা প্রায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে এবং অর্থ উদ্ধারের পর তাদের মধ্যে ১৫ জনের সঙ্গে কথা বলা হয়েছে। দাবিগুলোর সত্যতা যাচাইয়ের জন্য বাকিদেরও সাক্ষাৎকার নেওয়া হবে।
তবে বেশ কয়েকজন দাবিদার তাদের বিনিয়োগের সপক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি। কারণ তারা সরাসরি প্ল্যাটফর্মটিতে অর্থ না পাঠিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন করেছিলেন।
সিআইডির এক কর্মকর্তা বলেন, ‘যারা সরাসরি বাইন্যান্স থেকে এমটিএফইতে বিনিয়োগ করেছেন, তারা লেনদেনের প্রমাণ দিতে পারছেন। কিন্তু কেউ কেউ তৃতীয় পক্ষের মাধ্যমে বিনিয়োগ করেছেন বলে দাবি করছেন। তাদের কাছে এর সপক্ষে কোনো প্রমাণপত্র নেই।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে দেখা গেছে, একজন আরেকজনের বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন এবং সেখান থেকে এমটিএফইতে বিনিয়োগ করা হয়েছে। প্রথমজন নিজেকে ভুক্তভোগী দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারছেন না।’
এদিকে, উদ্ধার করা অর্থ আদালতের অনুমতি নিয়ে খোলা একটি বিশেষ ব্যাংক হিসাবে অব্যবহৃত অবস্থায় জমা রয়েছে।
এসআই তারিকুল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হিসাব থেকে কোনো ধরনের লেনদেন না করার জন্য ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি বলেন, ‘আমরা আদালতে একটি প্রতিবেদন জমা দিয়ে অর্থগুলো সরকারি তহবিলে জমা দেওয়ার পরিকল্পনা করছি। যদি কেউ নিজেকে ভুক্তভোগী দাবি করেন এবং অর্থ ফেরত চান, তবে তাকে প্রমাণসহ আদালতের শরণাপন্ন হতে হবে।’
উল্লেখ্য, এমটিএফই-সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে প্রায় ৩৬ লাখ ২২ হাজার ডলার উদ্ধার করে ২০২৬ সালের ২৮ মার্চ দেশে ফিরিয়ে আনে সিআইডি।
এমটিএফইর এক ভুক্তভোগীর দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি কর্মকর্তারা দেখতে পান, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রদর্শিত ভার্চুয়াল মুদ্রার ব্যালান্স ছিল সম্পূর্ণ কাল্পনিক।
তহবিলগুলো প্রথমে এমটিএফই-সংশ্লিষ্ট ওয়ালেটে নেওয়া হতো এবং পরে কেন্দ্রীয় অ্যাকাউন্টে স্থানান্তর করে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ওকেএক্স-সহ একাধিক ক্রিপ্টো ওয়ালেটে ছড়িয়ে দেওয়া হতো।
একই প্ল্যাটফর্ম থেকে শ্রীলঙ্কার সরকারের এমটিএফই-সংশ্লিষ্ট অর্থ উদ্ধার করার তথ্য জানার পর সিআইডি ওকেএক্সের সঙ্গে যোগাযোগ করে।
ওকেএক্স আনুষ্ঠানিক নথিপত্র চাইলে ঢাকায় মার্কিন দূতাবাস, ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই ও মার্কিন বিচার বিভাগের আইসিআইটিএপি কর্মসূচির সহায়তায় সিআইডি ওই অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।
ওকেএক্স-সংশ্লিষ্ট ওয়ালেটে থাকা ক্রিপ্টোকারেন্সি সম্পদগুলো ‘অ্যাসেট রিয়েলিটি লিমিটেড’-এ স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানটি সেগুলো মার্কিন ডলারে রূপান্তর করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠায়।
মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) মডেলে পরিচালিত এমটিএফই শুরুতে মানুষের আস্থা অর্জনের জন্য কিছু লভ্যাংশ পরিশোধ করত বিনিয়োগকারীদের। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এটি অর্থ উত্তোলন বন্ধ করে দেয় এবং পরে উধাও হয়ে যায়।
সিআইডির হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতারণার মাধ্যমে সারা দেশের কয়েক হাজার মানুষের কাছ থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
তদন্তকারীরা এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ মাসুদ আলমকে শনাক্ত করেছেন।
এসআই তারিকুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতিষ্ঠানটি গুটিয়ে নেওয়ার পরপরই মাসুদ আত্মগোপনে চলে যান। তবে আমি জানতে পেরেছি যে তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তার পাসপোর্ট ব্লক করা হয়েছে।’
উদ্ধার করা অর্থের ভবিষ্যৎ কী হবে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালত।
