Tuesday, November 24, 2026
Homeখেলাএকশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ

একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ

শুরুটা করে দিলেন মার্কো ইয়ানসেন, মাঝে এসে গতির তোড়ে স্টাম্প উড়ালেন আনরিখ নরকিয়া। বাংলাদেশের উইকেট পতনে শামিল হলেন ভিয়ান মুল্ডার আর সাইমন হার্মারও। আর শেষটা মুড়ে নাজমুল হোসেন শান্তর দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন কাগিসো রাবাদা।

সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ৩৩.৩ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। গুটিয়ে গেছে স্রেফ ৯১ রানে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে কোনো দলের এটাই সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৬ সালে এই মাঠে ইংল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে ১০১ রানে অলআউট হয়েছিল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট পতন শুরু। ইয়ানসেনের বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন তানজিদ হাসান তামিম। মাহফিজুল ইসলাম রবিন স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি পাওয়ার পর মনে হচ্ছিলো ভালো কিছু করতে পারেন। কিছু বলে পরাস্ত হলেও থিতু হয়ে পড়েছিলেন তিনি। 

তবে প্রথম বোলিং চেঞ্জেই কাবু রবিন। নরকিয়ার ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েও স্টাম্প বাঁচাতে পারেননি ডানহাতি ব্যাটার (২৩)। নরকিয়া এক বল পরই অধিনায়ক শান্তকে ছাঁটেন একইভাবে। বাঁহাতি শান্ত নরকিয়ার লাইনই বুঝতে পারেননি। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস বাজে শটে ইয়ানসেনের বলে ধরা দেন গালিতে। আগের ম্যাচের আরেক সেঞ্চুয়ারিয়ান হৃদয়ও বিদায় নেন ছটফট করে। হার্মারের অফ স্পিনে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা দেন ১৯ করা হৃদয়। এতে এক সেশনে ২৭ ওভারেই ৮৫ রানে পড়ে ৬ উইকেট।

চা-বিরতির পর ফিরেই আর সময় লাগেনি। দ্রুতই মুড়ে যায় ইনিংস। শরিফুল ইসলাম ক্ষ্যাপাটে শটে রাবাদাকে উড়াতে গিয়ে দেন ক্যাচ। জাকের আলি অনিক রাবাদার বলে হন এলবিডব্লিউ। তাসকিন আহমেদকেও স্লিপে ক্যাচ বানান এই মাঠের সর্বোচ্চ উইকেটশিকারি ডানহাতি পেসার। 

খালেদকে থার্ড ম্যানে ক্যাচ বানিয়ে ইনিংস মুড়ে দেন ইয়ানসেন। 

 

Most Popular