Sunday, July 12, 2026
Homeখেলা‘এই দল কখনো হার মানে না’: সুইজারল্যান্ডকে হারিয়ে মেসি

‘এই দল কখনো হার মানে না’: সুইজারল্যান্ডকে হারিয়ে মেসি

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কঠিন লড়াই শেষে শেষ চারে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস লুকাননি অধিনায়ক লিওনেল মেসি। তবে উদযাপনের মাঝেও তার চোখ এখন পরবর্তী চ্যালেঞ্জ, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে।

কানসাস সিটিতে ম্যাচ শেষে মেসি বলেন, ‘জয়ের জন্য আমি খুবই খুশি। এটি ছিল খুব কঠিন একটি ম্যাচ।’

সুইজারল্যান্ড তাদের অবাক করেনি বলেও জানান ৩৯ বছর বয়সী এই তারকা, ‘আমরা জানতাম ওরা খুবই তীব্রতা নিয়ে খেলবে। ঠিক সেটাই হয়েছে।’

কঠিন ম্যাচ জয়ের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘এই ধাপটি পার হতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে যা আসছে, তার আগে কিছুটা স্বস্তিতে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাব।’

আর্জেন্টিনার এই দলের মানসিকতারও ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক, ‘এই দল সবসময় লড়াই করে, কখনো থামে না, সবসময় আরও ভালো করতে চায়। এই দলের অর্জন সত্যিই অসাধারণ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি, দুটি কোপা আমেরিকা জিতেছি, আর এখন আবারও বিশ্বকাপের সেমিফাইনালে। এটা উপভোগ করা উচিত। আমরা যেমন উপভোগ করছি, সমর্থকরাও তেমন উপভোগ করুক।’

আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন মেসি। বিষয়টিকে বিশেষ বলেই মনে করছেন তিনি।

‘এটি খুবই বিশেষ একটি ম্যাচ। কারণ প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলব। তারা দুর্দান্ত একটি দল, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। এমন দলের বিপক্ষে, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারাটা বিশেষ অনুভূতি। এখন লক্ষ্য বিশ্রাম নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া, যাতে আগের মতোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি,’ বলেন মেসি।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামেও আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা আবারও কষ্ট করেছি, কিন্তু এই দল কখনো বিশ্বাস হারায় না। আমরা আবার বিশ্বের সেরা চার দলের মধ্যে। চল এগিয়ে যাই!’

হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘হুলিয়ান দুর্দান্ত একটি গোল করেছে। এমন গোল সে আগেও অনেক করেছে। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে এ বছরও এমন অনেক গোল করেছে। আর লাউতারোও গোল পেয়েছে। তাদের দুজনেরই গোল পাওয়া আমাদের খুব দরকার ছিল। তাই আমি সবার জন্যই খুব খুশি।’
 

Most Popular