রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ রোববার ঢাকার নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ ছিল। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ।
আজ বাংলাদেশ দোকান মালিক সমিতির হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, রাতভর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে সকাল থেকে কোনো দোকানই খোলেনি।
তিনি বলেন, শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে পুরো নিউ মার্কেট এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে এবং বাজারে কোনো ক্রেতাও নেই।
হেলাল উদ্দিন বলেন, জলাবদ্ধতার মধ্যে দুর্ঘটনা এড়াতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সাময়িকভাবে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
পরিস্থিতির উন্নতি হলে আগামীকাল সোমবার মার্কেট খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
