Thursday, October 1, 2026
Homeখেলাইশানের একার রানই ছুঁতে পারল না শ্রীলঙ্কা, বড় জয়ে ফাইনালে ভারত

ইশানের একার রানই ছুঁতে পারল না শ্রীলঙ্কা, বড় জয়ে ফাইনালে ভারত

শুরুতে উইকেট হারালেও বৈভব সূর্যবংশী পাওয়ার প্লেতে তুলেছিলেন ঝড়, তার বিদায়ের পর দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দেন ইশান কিশান। জবাব দিতে নেমে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেলদের তোপে তছনছ হয়ে গেল শ্রীলঙ্কা। বিশাল জয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত।

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনাল হলো ভীষণ একপেশে। ভারতের ১৬৯ রানের জবাবে লঙ্কানরা গুটিয়ে গেল স্রেফ ৪৫ রানে। ১২৪ রানের জয়ে ভিত গড়ে দেওয়া ইশান ৪৬ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা।

বোলিংয়ে দুই উইকেট করে নিয়েছেন বুমরাহ, অক্ষর আর অভিষেক। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ১ উইকেট। এই জয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। রোববার সোনা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

বড় হারের পর একই দিন ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

১৭০ রানের জবাবে নেমে প্রথম দুই ওভারে কোনো রান করার আগেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেট পতনের এই স্রোত কোনোভাবেই আটকাতে পারেনি তারা। পুরো ইনিংসে একজন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত ট্রিকি উইকেটে ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে সূর্যবংশী ওপেন করতে নেমে ২১ বলে ৬ চার, ২ ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস। তাতে জুতসই পুঁজির ভিত পায় ভারত। মিডল অর্ডারে বাকিদের ব্যর্থতার মাঝে গোটা ইনিংস টেনে নেন ইশান। ৪৬ বলে ৪ বাউন্ডারি, ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন তিনি।

বৃষ্টিতে কয়েকদিন ঢাকা থাকা ও ব্যবহৃত উইকেটে ১৬৯ করার পর ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়। পরে শ্রীলঙ্কার ব্যাটিং দুর্দশা ম্যাচটাকে করে ফেলে অতি সংক্ষিপ্ত। ভারতের বোলিং ঝাঁজে ৯.৫ ওভার টিকতে পারে তারা।

 

Most Popular