Thursday, July 9, 2026
Homeবিদেশইরানের নেতাদের কঠোর ভাষায় আক্রমণ ট্রাম্পের

ইরানের নেতাদের কঠোর ভাষায় আক্রমণ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সমঝোতা শেষ হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি হামলার পর তিনি দেশটির নেতাদের কঠোর ভাষায় আক্রমণ করেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

তুরস্কে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র গত (মঙ্গলবার) রাতে তাদের ওপর খুব জোরালো হামলা চালিয়েছে এবং সম্ভবত আজ (বুধবার) রাতেও তাদের ওপর বড় ধরনের আঘাত হানা হবে।

তিনি তেহরানের বিরুদ্ধে গত জুনে উভয় দেশের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাদি লঙ্ঘনের অভিযোগ তোলেন। যুদ্ধ বন্ধে এই সমঝোতা স্মারক সই হয়েছিল। ট্রাম্প বলেন, তারা (ইরানের নেতারা) মিথ্যা বলে এবং প্রতারণা করে।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, গালিগালাজের বদলে আমরা গালিগালাজ করি না। আমরা জবাব দিই কাজের মাধ্যমে, কোনো ভয় ছাড়াই এবং অসীম সাহসিকতার সঙ্গে।

জুনে সই হওয়া সমঝোতা স্মারকে ১৪টি পয়েন্ট ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—৬০ দিনের যুদ্ধবিরতি (যে সময়ে আলোচনা চলবে), হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

বুধবার ন্যাটো সম্মেলনে এই সমঝোতা স্মারক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা সব ইতর… বিকৃতমনা কিছু লোক তাদের নেতৃত্ব দিচ্ছে এবং তারা অত্যন্ত জঘন্য ও সহিংস।

তিনি আরও বলেন, আমরা একটা সমঝোতায় আসি… অথচ তারা বাইরে গিয়ে সাংবাদিকদের বলে যে, ‘আমরা তো এই বিষয়ে আলাপই করিনি’। তাদের মাথায় সমস্যা আছে। তারা উন্মাদ। সমঝোতা শেষ।

সম্মেলনের আগে প্রেসিডেন্ট বলেন, মার্কিন আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে তিনি একে সময়ের অপচয় বলে মনে করেন।

অবশ্য পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন না যে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হবে। তিনি মন্তব্য করেন, যা-ই ঘটুক না কেন, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে।

ট্রাম্পের হামলার হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা এই দফায় অন্তত ৯০টি স্থানে হামলা চালিয়েছে।

পরে আজ ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা জানায়। এ নিয়ে টানা দুদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।

Most Popular