Sunday, July 26, 2026
Homeখেলাইতালির নতুন কোচ হতে যাচ্ছেন পিরলো

ইতালির নতুন কোচ হতে যাচ্ছেন পিরলো

পেপ গার্দিওলা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর অবশেষে জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান দৈনিক ‘লা রিপাবলিকা’র প্রতিবেদন অনুযায়ী, চার বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে পিরলোর সঙ্গে সমাঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

ইতালির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে বিশ্বকাপ জেতেন। ক্লাব ফুটবলে ইন্টার মিলান, এসি মিলান ও ইউভেন্টাসের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। ৪৭ বছর বয়সী সাবেক এই তারকা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ইউনাইটেড’ দলের কোচের দায়িত্বে আছেন। এর আগে ২০২০-২১ মৌসুমে ইউভেন্টাসকে ‘কোপ্পা ইতালি’ ও ‘ইতালিয়ান সুপার কাপ’ শিরোপা জিতিয়েছিলেন তিনি।

পিরলোর সঙ্গে সমঝোতার খবরটি আসে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর। এফআইজিসি সভাপতি জিওভানি মালাগো গার্দিওলার মতো হাই-প্রোফাইল কাউকে পেতে আর্থিক নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ এই কৌশলবিদ দায়িত্ব নিতে অপারগতা জানান।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন কোচের অনুসন্ধানে নামেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এফআইজিসি এর মাঝে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল।

এদিকে, সিটির হয়ে এক দশকে টানা চারবারসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতে সম্প্রতি ক্লাবটি ছেড়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা।

সাম্প্রতিক সময়ে ইতালিয়ান ফুটবল কঠিন সংকট পার করছে। জাতীয় দলের এই বিপর্যয় কাটিয়ে বয়সভিত্তিক পর্যায় ও মূল দলকে পুনরায় সুসংগঠিত করার প্রক্রিয়ায় পিরলোর নিয়োগকে প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

Most Popular