চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ডাবলমুরিং থানার ঝরনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত ডাবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
আমিনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করার সময় এসআই মবিনুল ইসলামের ওপর হামলা চালানো হয়। অভিযুক্ত আলমগীর ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওই কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। আহত এসআই মবিনুল বর্তমানে চমেক চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
