১৭৫ রানের সহজ লক্ষ্য। কিন্তু সেটা তাড়া করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেল বাংলাদেশ ‘এ’ দলের। ১৬২ রানে ৯ উইকেট পড়ে যাওয়ায় জাগল হারের শঙ্কাও। এমন বিপাকের মাঝে ব্যাট হাতে জ্বলে উঠলেন ১১ নম্বরে নামা ইকবাল হোসেন ইমন। পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে দলকে নাটকীয় জয় এনে দিলেন এই পেসার।
শনিবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের ‘এ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে ১ উইকেটে আফগানিস্তান ‘এ’ দলকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।
লো স্কোরিং লড়াইয়ে টস হেরে আগে ব্যাট করে ৪৫ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৪৫.৫ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান তুলে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ইকবাল একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
নবম উইকেট পতনের পর ইকবাল যখন ক্রিজে যান, তখন বাংলাদেশ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১৩ রান। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব নিজের কাঁধে নেন তিনি। পাঁচ ওভারে সমীকরণ যখন ৯ রানে নেমে আসে, তখন ফরমানউল্লাহ সাফির ওপর চড়াও হন। মিড-উইকেট দিয়ে চার মারার পর লং-অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন ইকবাল। তার এই বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ড্রেসিংরুমে শুরু হয় উচ্ছ্বাস ও উদযাপন।
জবাব দিতে নেমে প্রথম ওভারে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন অধিনায়ক সাইফ হাসান। সেই ধাক্কা সামলে পারভেজ হোসেন ইমন (২৭ বলে ৩৩), শাহাদাত হোসেন দিপু (৪৮ বলে ২৪) ও ইয়াসির আলী রাব্বি (২১ বলে ২০) টানেন দলকে। কিন্তু কেউই ইনিংস বড় করতে না পারায় ফের চাপে পড়ে বাংলাদেশ। এক পর্যায়ে ১৮তম ওভারে ৮৩ রানে পড়ে যায় ৫ উইকেট।
সেই বিপর্যয়ের প্রতিরোধ গড়ে ইনিংসের সর্বোচ্চ ৫১ রানের জুটি গড়েন সাব্বির রহমান (৪৩ বলে ২৮) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৮০ বলে ২৮)। তারাও লম্বা ইনিংস খেলতে না পারলে চাপ আরও জেঁকে বসে। তবে ইকবালের কল্যাণে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে আফগানিস্তানকে অল্পতে বেঁধে ফেলতে সম্মিলিত অবদান রাখেন বোলাররা। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিপন মন্ডল। দুটি করে উইকেট নেন ইকবাল, মোহাম্মদ রুবেল ও সাইফ। আফগানদের হয়ে অধিনায়ক ইকরাম আলীখিল ৯৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন। আর কেউ বিশের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের মতো টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সেমির টিকিট পেয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলেরও। দল দুটি আগামী সোমবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবে। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে আফগানিস্তান ও হংকংয়ের।
