সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন।
আজ বৃহস্পতিবার আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে ফুজাইরার শেখ খলিফা বিন জায়েদ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি প্রথমে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর সেটি উল্টে গিয়ে যানজটের কারণে থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের পর ট্রাকটিতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনার সঙ্গে পাঁচটি ট্রাক ও ১৮টি গাড়ির সংশ্লিষ্টতা আছে।
পুলিশের জেনারেল কমান্ড জানায়, ফুজাইরার প্রবেশপথের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিয়ন্ত্রণকক্ষে দুর্ঘটনার খবর পৌঁছানোর পর বিশেষায়িত পুলিশ দল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আহত ৩০ জনের মধ্যে চিকিৎসা শেষে ১৫ জন ছাড়পত্র পেয়েছেন; বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন।
পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রয়েছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরও কয়েকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন।
এদিকে ভারতীয় কনস্যুলেট বার্তাসংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক আছেন।
অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।
