Friday, October 2, 2026
Homeবাংলাদেশআবু সাঈদ হত্যা: বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা: বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন—গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

এছাড়া বহিষ্কার করা হয়েছে তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবার রহমান ওরফে বাবু, কর্মচারী মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, এ কে এম আমির হোসেন, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া ও প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ।

আবু সাঈদ হত্যা মামলায় গত ৯ এপ্রিল অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিল।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের আদেশের একটি অনুলিপি পেয়েছে এবং তা সিন্ডিকেটে উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা এবং তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ। তার মৃত্যুতে সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

একই সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন শিক্ষককে এক ধাপ পদাবনতি দেওয়া হয়।

তারা হলেন—পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রাশিদুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মো. শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. শাকিবুল ইসলাম।

তাদের নারী শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা কিংবা তাদের সঙ্গে একা কোনো একাডেমিক কার্যক্রম পরিচালনা থেকেও বিরত রাখা হয়েছে।

Most Popular