Monday, November 23, 2026
Homeবাংলাদেশআওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে: সাদিক কায়েম

আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ডাকসু ভিপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

যোগাযোগ করা হলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে অগ্নিসংযোগ চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সাদিক লিখেছেন, আজ ভোররাতে পরিকল্পিতভাবে আমার বাবা-মা, বোনসহ বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে খাগড়াছড়িতে আমাদের বাড়িতে আগুন দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির চারপাশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পাশাপাশি বাড়ির মূল ফটকেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যেন পরিবারের কেউ প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে না পারেন।

সাদিকের বাবা মো. আবুল কাশেম জানান, তিনি ছাদে বিকট শব্দ শুনতে পান। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজার বাইরে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ দেখতে পান। রাস্তার পাশের একটি জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া গেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান ওসি।

Most Popular