গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণ মামলা হয়েছে।
আজ শুক্রবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই নারী দুই সন্তানের মা এবং তিনি ভিক্ষা করেন বলে জানিয়েছে পুলিশ।
ওই নারীর জানান, স্বামী ছেড়ে চলে যাওয়ার পর তিনি দুই সন্তানকে নিয়ে একটি বাসায় থাকতেন। কিন্তু ভাড়া দিতে না পারায় গত ২২ সেপ্টেম্বর বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দেন। পরে রাত ১০টার দিকে তিনি ২ সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তায় উড়ালসড়কের নিচে আশ্রয় নেন।
তার অভিযোগ, সেসময় পান দোকানদার সোহরাব সেখানে গিয়ে তার সমস্যার কথা জানতে চান। পরে আশ্রয় ও টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে সোহরাব তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় পানের আড়তে কাজ করা ২ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
ওসি শাহীনুর বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান।’
