Friday, September 25, 2026
Homeবাংলাদেশযশোরে বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

যশোরে বাঁওড় দখল নিয়ে বিরোধ, শটগানের গুলিতে আহত ৫

যশোরের শার্শা উপজেলার একটি বাঁওড়ের দখল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে পাঁচজন আহত হয়েছেন।

উপজেলার কন্যাদাহো গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহতরা হলেন—কন্যাদাহো গ্রামের বাসিন্দা শাহ আলম (৩৮), আবদুল্লাহ (৩২), মিঠু (৩০), শাকিল (১৫) ও আকাশ (২০)। প্রথমে তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টা ৪০ মিনিটে আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও আহতদের ভাষ্য, বাঁওড়ের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাতে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। একপর্যায়ে ওইপক্ষের এক সদস্য শটগান দিয়ে গুলি চালালে পাঁচজন আহত হন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ডেইলি স্টারকে বলেন, আহতরা শটগানের ছররা গুলিতে আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

ওসি কবির হোসেন বলেন, গুলিবিদ্ধ পাঁচজনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

শার্শা থানার ওসি শামিনুল হক ডেইলি স্টারকে বলেন, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ করা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular