Thursday, September 24, 2026
Homeখেলাএশিয়ান গেমসের পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন

এশিয়ান গেমসের পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন

জাপানে চলমান এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে। আঙুলে চোট পাওয়ায় ছিটকে গেছেন সালমান মির্জা। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সালমানের বাঁহাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে গেছে। আসন্ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তার মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই বাধ্য হয়ে পাকিস্তানকে স্কোয়াডে বদল আনতে হয়েছে।

২৫ বছর বয়সী ডানহাতি পেসার ওয়াসিম পাকিস্তানের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। এই সংস্করণে জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচে তার শিকার ৪২ উইকেট। তিনি চার উইকেট নিয়েছেন দুবার।

এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট আয়োজিত হয়ে থাকে টি-টোয়েন্টি ফরম্যাটে। পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে তারা। প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

পাকিস্তানের নেতৃত্বে আছেন ওপেনার সাহিবজাদা ফারহান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায়  থাকা চার ক্রিকেটার আছেন ১৫ সদস্যের স্কোয়াডে। তারা হলেন আকিফ জাভেদ, আলী রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে এখন পর্যন্ত কেবল একটি পদক পেয়েছে পাকিস্তান। ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল তারা।

Most Popular