Thursday, September 24, 2026
Homeখেলা‘পরিস্থিতি পক্ষে না থাকলেও কীভাবে ম্যাচ বের করতে হয় সেটা দেখিয়েছি’

‘পরিস্থিতি পক্ষে না থাকলেও কীভাবে ম্যাচ বের করতে হয় সেটা দেখিয়েছি’

অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে অলরাউন্ডার উইল জ্যাকস একাই ধসিয়ে দিলেন শ্রীলঙ্কাকে। তার ক্যারিয়ারসেরা ৫ উইকেটের সঙ্গে অপরাজিত ৪৬ রানের ওপর ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৫ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে জ্যাকসের স্পিন ঘূর্ণিতে পড়ে ৩৭ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ম্যাচ শেষে প্রতিকূল কন্ডিশনে দলের মানিয়ে নেওয়ার দক্ষতার প্রশংসা করে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘উইকেট খুব সহজ ছিল না। তবে পরিস্থিতি নিজেদের পক্ষে না থাকলেও কীভাবে লড়াই করে ম্যাচ বের করতে হয়, আজ আমরা সেটাই দেখিয়েছি। ছেলেরা কাজটি দারুণভাবে সম্পন্ন করেছে।’

জ্যাকসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ব্রুক আরও বলেন, ‘জ্যাকস অসাধারণ একজন ক্রিকেটার। মিডল অর্ডারে দায়িত্ব নেওয়ার পাশাপাশি বোলিংয়ে যেভাবে প্রভাব ফেলছে, তা এক কথায় চমৎকার।’

ইংল্যান্ডের বড় সংগ্রহের মূল ভিত গড়ে দেয় অধিনায়ক ব্রুকের ৬৯ বলে ৬৭ রানের ইনিংস। জো রুট ৪৪ ও জস বাটলার করেন ৩১ রান। একপর্যায়ে তিনশর সম্ভাবনা জাগালেও লঙ্কান লেগ স্পিনার শচিন্দু কলম্বাগে ও পেসার অসিথা ফার্নান্দোর বোলিং তোপে শেষ ৫ উইকেটে ৬৯ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। অভিষেক ম্যাচে লঙ্কানদের হয়ে কলম্বাগে ৩টি ও ফার্নান্দো নেন ৩টি উইকেট।

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় সফরকারী অধিনায়ক কুশল মেন্ডিসের ৪২ ও দুনিথ ভেল্লালাগের ৩৬ বলে ৪৫ রান ছাড়া বাকিরা ব্যর্থ হয়েছেন। পুরো সফরজুড়েই বড় জুটি গড়তে না পারার যে রোগ, তা এ ম্যাচেও ভোগায় শ্রীলঙ্কাকে।

দলের মিডল অর্ডারের এই ব্যর্থতা নিয়ে কুশল মেন্ডিস বলেন, ‘প্রথম ইনিংসে আমাদের বোলাররা চমৎকার কাজ করেছিল। কিন্তু রান তাড়া করতে নেমে আমাদের মিডল অর্ডার একদমই দাঁড়াতে পারেনি। সেখানে আমাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে।’

লঙ্কান ইনিংসের কফিন পেরেকটি মারেন জ্যাকস নিজেই; এক ওভারে ৩ উইকেটসহ মাত্র ২২ রানে ঝুলিতে পুরেন ৫টি উইকেট।

আগামী বৃহস্পতিবার লিডসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

 

Most Popular