Thursday, September 24, 2026
Homeবাংলাদেশপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে গাজীপুর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

আদালতে সিফাতের পক্ষে শুনানি করেন আইনজীবী আসাদুল্লাহ বাদল, আলী নাছের খান ও রাশেদুল ইসলাম রবি।

আসাদুল্লাহ বাদল দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা সিফাত আব্দুল্লাহর জামিন চেয়েছিলাম। তবে আদালতে দ্বিতীয়বার তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সিফাত বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছেন, সে বিষয় এজাহারে নেই।

তিনি আরও বলেন, সিফাত এনসিপির একজন সক্রিয় কর্মী। এর আগে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্দোলনে তার অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। তিনি ইনকিলাব মঞ্চেরও সদস্য।

এর আগে ৭ সেপ্টেম্বর সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাছা থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ সেপ্টেম্বর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Most Popular