Thursday, September 24, 2026
Homeখেলাবিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের

বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের

স্পেনের সাফল্যের রূপকার লুইস দে লা ফুয়েন্তের ওপরই আস্থা রাখছে দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ জয়ের পর ৬৫ বছর বয়সী এই কোচের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত স্পেনের দায়িত্বে থাকবেন দে লা ফুয়েন্তে।

সোমবার এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৮ ও ২০৩২ এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি বাড়ানো হবে।

২০২২ সালে লুইস এনরিকের উত্তরসূরি হিসেবে স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সাফল্য পেয়েছেন দে লা ফুয়েন্তে। তার অধীনে ২০২৩ সালে উয়েফা নেশন্স লিগ জেতার পর ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এরপর সর্বশেষ বিশ্বকাপেও শিরোপা জিতেছে তার দল।

স্পেনের বয়সভিত্তিক দলগুলোর সঙ্গেও দীর্ঘ সময় কাজ করেছেন দে লা ফুয়েন্তে। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে প্রায় এক দশক দেশটির যুব দলগুলোর দায়িত্বে ছিলেন তিনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাফায়েল লুসান বলেন, “আমরা জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে সফল প্রধান কোচের কথা বলছি। আমাদের সঙ্গে ১৪ বছর থাকার পর লুইস দে লা ফুয়েন্তে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পাওয়ার যোগ্য।”

বিশ্বকাপ জয়ের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে দে লা ফুয়েন্তের স্পেন। আগামী ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন যাত্রা। এরপর ২৯ সেপ্টেম্বর সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগের অভিযান শুরু করবে স্পেন।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ৩ অক্টোবর ওভিয়েদোয় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। তিন দিন পর আবার ক্রোয়েশিয়ার মাঠে খেলতে যাবে তারা।
 

Most Popular