Friday, September 25, 2026
Homeবিদেশপাকিস্তানের মসজিদে বোমা হামলায় পুলিশসহ নিহত ১৬, আহত ৫৬

পাকিস্তানের মসজিদে বোমা হামলায় পুলিশসহ নিহত ১৬, আহত ৫৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদর দপ্তরের ভেতরে মসজিদে বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ৫৬ জনের বেশি।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশদ্বারে ধাক্কা দিলে এ বিস্ফোরণ ঘটে বলে আল জাজিরা জানিয়েছে।

এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এ অঞ্চলে সক্রিয় এবং তারা নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এটি আত্মঘাতী বোমা হামলা ছিল বলে প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণের পর অস্ত্রধারীরা পুলিশ কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করলে সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।

আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

হামলায় মসজিদটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্টেশনের বাইরের সীমানা প্রাচীর ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দূর থেকেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন।

Most Popular