Friday, September 25, 2026
Homeবাংলাদেশমুরাদনগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

মুরাদনগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে বাড়িতে ঢুকে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

স্বজনরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা এই যুবলীগ নেতা শনিবার রাতে গোপনে বাড়িতে যান। গভীর রাতে এলাকায় ‘ডাকাত পড়েছে’ বলে মাইকিং হয়। এরপর একদল লোক আনোয়ারের বাড়িতে হামলা চালায়।

নিহতের স্ত্রী মোমেনা বেগম ডেইলি স্টারকে বলেন, ‘আমার স্বামীর বাড়ি ফেরার বিষয়টি জানতে পেরে রাত সাড়ে ৩টার দিকে সাবেক ইউপি মেম্বার ফিরোজ ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালায়। তারা আনোয়ারকে কুপিয়ে ফেলে রাখে। বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।’

আহত স্বামীকে হাসপাতালে নিতেও দেওয়া হয় বাধা বলে অভিযোগ করে মোমেনা।

পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ভোর ৬টার দিকে আনোয়ারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকির জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায় আনোয়ার মারা গেছেন।

নিহতের চাচাতো ভাই মো. জসিম বলেন, ‘প্রায় আড়াই আগে গ্রাম ছাড়েন আনোয়ার। কিছুদিন আগে ফেরার চেষ্টা করলে ফিরোজ মেম্বারের লোকজন তার কাছে চাঁদা দাবি করে।’

অভিযুক্ত ফিরোজকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ওসি শফিউল আলম বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তদন্ত করে জড়িতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Most Popular