Thursday, September 24, 2026
Homeবিনোদনমঞ্চ আমার কাছে সবকিছু: তমালিকা কর্মকার

মঞ্চ আমার কাছে সবকিছু: তমালিকা কর্মকার

দীর্ঘ বিরতির পর আবার মঞ্চনাটকে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদের লেখা ‘অমানুষ’ নাটক দিয়ে যুক্তরাষ্ট্রে মঞ্চে ফিরছেন তিনি।

জান্নাতুল টুম্পা পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন সাঈদ বাবু। আগামী ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বর্তমানে নাটকটির মহড়া চলছে।

মঞ্চে ফেরা নিয়ে উচ্ছ্বাস ও কিছুটা শঙ্কার কথা জানিয়ে তমালিকা কর্মকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সত্যি বলতে আমার একটু ভয় কাজ করছে। যতবার নতুন করে মঞ্চে উঠি, প্রতিবারই এমন ভয় লাগে। এবারও অমানুষ নাটকের জন্য অনেক বছর পর মঞ্চে উঠব এবং সত্যি সত্যি ভয় কাজ করছে।’

আরণ্যক নাট্যদলের হয়ে টানা তিন দশক ঢাকায় নিয়মিত অভিনয় করেছেন এই অভিনেত্রী। মঞ্চের প্রতি অগাধ ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘মঞ্চ আমার কাছে সবকিছু। মঞ্চ নাটক করে যে তৃপ্তি ও আনন্দ পাই, তা অন্য কোথাও পাওয়া যায় না। মঞ্চের জন্য কত টিভি নাটক ও সিনেমা ছেড়ে দেওয়ার রেকর্ডও আছে আমার। মঞ্চ নাটকের প্রতি আমার ভালোবাসা এমনই।’

গুরু মামুনুর রশীদ ও নিজের নাট্যদলকে স্মরণ করে তমালিকা আরও বলেন, ‘আমার শিক্ষক মামুনুর রশীদের লেখা নাটকে অভিনয় করছি, কিন্তু ভার্জিনিয়ায় তাকে খুব মিস করছি। পাশাপাশি আমার দল আরণ্যককেও মিস করছি। দেশ থেকে দূরে থাকলেও মঞ্চকে ভুলে থাকিনি।’

সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘দেশের অনেক শিল্পী যেভাবে আমার অভিনীত নাটকের জন্য শুভেচ্ছা ভিডিও দিয়ে উৎসাহ ও ভালোবাসা দিচ্ছেন, পাশে থাকছেন, তাদের এই ভালোবাসার প্রতিদান হিসেবে ভালোবাসা দিলাম।’

 

Most Popular