Thursday, September 24, 2026
Homeখেলা‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে

‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে

সামাজিক যোগাযোগমাধ্যমে কিলিয়ান এমবাপেকে ‘স্বৈরশাসক’ বলে ডাকেন কেউ কেউ। বিষয়টি নিয়ে মজার দিক যেমন দেখেন রিয়াল মাদ্রিদের এই তারকা, তেমনি এর মধ্যে থাকা অস্বস্তিকর দিকটাও এড়িয়ে যাচ্ছেন না তিনি। ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ইতিহাসের ভয়ংকর স্বৈরশাসকদের সঙ্গে এমন তুলনা তার কাছে কখনো কখনো হাস্যরসের সীমা ছাড়িয়ে যায়।

‘কিছুটা মজার, কারণ এতে মনে হয় কারও কারও কাছে বিষয়টা শুধুই একটা রসিকতা। কিন্তু এর কম মজার একটা দিকও আছে। কারণ আমরা জানি, ইতিহাসে এই ধরনের মানুষ কী ধরনের ক্ষতি করেছে। এমন মানুষদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যারা অন্যদের হত্যা করেছে, কিংবা লাখো-কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে… অথচ আমার জীবনে আমি কখনো এমন কিছু করেছি বলে মনে হয় না। তাই বিষয়টা মিশ্র অনুভূতির’, বলেন এমবাপে।

এই ফরাসী তারকা অবশ্য জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এভাবে ডাকার পেছনে অনেকের উদ্দেশ্য নিছক মজা করা। কিন্তু তার মতে, কখনো কখনো এসব মন্তব্য মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার ঘাটতিও প্রকাশ করে।

এমবাপের ভাষায়, ‘একদিকে আমি জানি, এটা রসিকতা হিসেবেই বলা হয় এবং বিষয়টা এত দূর যাওয়ার কথা নয়। কিন্তু কখনো কখনো এতে মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাবও প্রকাশ পায়। উসমান অবশ্য আলাদা। সে এটা সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়েছে! সে শুধু হাসছে।’

সাক্ষাৎকারের আরেক অংশে নিজের রক্ষণাত্মক ভূমিকা নিয়ে পাওয়া সমালোচনারও জবাব দিয়েছেন এমবাপে। ম্যাচে গোল না করলে তাকে যেমন প্রশ্নের মুখে পড়তে হয়, তেমনি বেশি রক্ষণাত্মক দায়িত্ব না নেওয়ার কারণেও সমালোচিত হন তিনি। এমবাপের কাছে এই বিতর্কের খুব একটা অর্থ নেই।

‘এটা অর্থহীন একটা বিতর্ক। কারণ আমি যদি গোল না করি, তখন মানুষ আমাকে জিজ্ঞেস করবে কেন গোল করিনি। আমি শিখেছি, একজন ফুটবলার হিসেবে আপনি যে ম্যাচই খেলুন না কেন, সেখানে লাখো কোচ থাকেন। আর সব কোচই যে নিজের বাড়িতে সুখী, তা নয়,’ বলেন তিনি।

ফুটবল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও পরিষ্কার করেছেন ফরাসি তারকা। তার মতে, শেষ পর্যন্ত ম্যাচ জেতার মূল লক্ষ্যই হলো প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করা। তাই গোল করা একজন খেলোয়াড় কখনোই দলের জন্য সমস্যা হতে পারেন না।

এমবাপে বলেন, ‘প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি মনে করি, ফুটবলের উদ্দেশ্য হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা। যে খেলোয়াড় গোল করে, সে কখনোই দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনো এমন কোনো দল দেখিনি, যারা কোনো গোল না করেই শিরোপা জিতেছে।’

সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশের আগেই অবশ্য এমবাপে আরেকটি বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী হিসেবে নিজেকেই ভোট দেবেন তিনি। এবারের পুরস্কার জেতার সামর্থ্য নিজের মধ্যে আছে বলেই মনে করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড, ‘আমি কাকে ভোট দেব? নিজেকেই। আমার মনে হচ্ছে, এ বছর আমি এটা জিততে পারি। তাই আমি নিজেকে সেই দৌড় থেকে সরিয়ে নিইনি।’

 

Most Popular