Sunday, August 16, 2026
Homeবাংলাদেশগাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত ২

গাজীপুরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত ২

গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ী ও তার মেয়েও গুরুতর আহত হয়েছেন।

নিহত কামরুন নাহার আক্তার উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী।

আজ শনিবার ভোররাতে নগরবেলা এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাত ৩টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে। বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে মঞ্জুরুল ইসলাম, তার স্ত্রী ও মেয়েকে কোপাতে শুরু করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

এতে ঘটনাস্থলেই কামরুন নাহারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তার মিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Most Popular