Sunday, August 16, 2026
Homeবাংলাদেশ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

আজ শনিবার এ সিদ্ধান্ত হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শফিউল আলম বলেন, ‘শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।’

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ওই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক মারা যান।

দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।

হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।

Most Popular