Sunday, August 16, 2026
Homeবাংলাদেশরাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন চেয়ারম্যান: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন চেয়ারম্যান: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে এবং স্পিকার সাময়িকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী, ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে এবং নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।’

দলের মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হবে।

Most Popular