রাজধানীর খিলগাঁওয়ে গণপিটুনিতে আহত সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ আটটি মামলা রয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া পানির পাম্পের সামনে তাকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, নন্দীপাড়া পানির পাম্পের সামনে এক ব্যক্তিকে গণপিটুনির খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে লোকজন, যা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম সোহেল ওরফে পাগলা সোহেল (৪৫)। তিনি এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আজ সাধারণ মানুষের হাতে গণধোলাই খেয়ে অস্ত্রসহ আটক হয়েছেন তিনি। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ধর্ষণসহ মোট আটটি মামলা রযেছে।
